আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশের মতো সিলেটের জৈন্তাপুর উপজেলায় টাইফয়েড কনজুগেড ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের সভাকক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফএইচপিও) ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক।
সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. সুজয় চৌধুরী। টাইফয়েড রোগ কী, তা কিভাবে মানবদেহকে আক্রান্ত করে, এই রোগে কোন কোন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, টাইফয়েড জ্বরের লক্ষণসমূহ কী- এসব বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।
এ ছাড়াও টাইফয়েড জ্বরের প্রতিকার হিসেবে টিসিভি টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্য যেমন, টিকা প্রদানের মাধ্যমে এর প্রাদুর্ভাব কমানো, উচ্চঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে টাইফয়েড রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করা ও টিকাদানের মাধ্যমে টাইফয়েড জ্বরের বিরুদ্ধে ওষুধ প্রতিরোধী সালমোনেলা টাইফি স্ট্রেনের বিস্তারের হার কমিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়।
সভার সভাপতি তার বক্তব্যে বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী টাইফয়েড রোগের টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন চলবে।
তিনি বলেন, ৯ মাস বয়স থেকে ১৫ বছরের সকল ছেলে-মেয়ে এই টিকা নিতে পারবে। এ জন্য এ বিষয়ে এখন থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে ও টিকাদান সম্পর্কে কোনো প্রকার গুজবে যেন কার্ণপাত না করা হয়, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
সভায় টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, আলেম সমাজ, সুশীল সমাজসহ গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মদিনাতুল উলুম খরিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফা (দাঃবাঃ), ইসলামী ফাউন্ডেশন জৈন্তাপুরের সহকারী পরিচালক মোক্তার হোসেন, সুপারভাইজার মাওলানা মনির উদ্দিন, সুশীলন জৈন্তাপুর শাখার কো-অর্ডিনেটর শেখ তরিকুজ্জামান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী আব্দুর রহমানসহ অন্যরা।
জৈন্তা বার্তা/আরআর




