সিলেটের প্রবীণ শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী আর নেই
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২০ AM

সিলেটের প্রবীণ শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০২:৫১:৫৮ PM

সিলেটের প্রবীণ শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী আর নেই


সিলেটের দক্ষিণ সুরমার প্রবীণ শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী (৭৮) আর নেই। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে বুধবার (৩০ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দক্ষিণ সুরমার স্বনামধন্য প্রতিষ্ঠান সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী স্থানীয়ভাবে 'শ্যামল স্যার' নামে পরিচিত ছিলেন। দীর্ঘ ৪৪ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে ২০১২ সালে তিনি অবসরে গিয়েছিলেন। এলাকার শিক্ষা ও সামাজিক মেলবন্ধন নিশ্চিতে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য।

প্রিয় শিক্ষককে হারিয়ে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা হাজারও শিক্ষার্থী আজ শোকে মূহ্যমান। এলাকায় খুবই জনপ্রিয় প্রবীণ এই শিক্ষকের মৃত্যুর সংবাদ পেয়ে প্রিয় স্যারকে এক ঝলক দেখতে এলাকার জনপ্রতিনিধি, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই ছুটে যান তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার সিলামের ব্রাহ্মণপাড়ায়। এখানেই মরদেহের সৎকার সম্পন্ন হয়। এর আগে বুধবার সকালে তাঁর সিলেটের দাড়িয়াপাড়াস্থ বাসাতেও প্রিয় শিক্ষককে এক ঝলক দেখতে অনেকেই ভীড় জমান।

মৃত্যুকালে তিনি দুই পুত্র, পুত্রবধূ, নাতি, নাতনী, ভাতিজা, ভাতিজি, আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী  রেখে গেছেন।  তাঁর বড় ছেলে বিনায়ক চক্রবর্তী পূবালী ব্যাংকের দরগাহ গেট শাখায় ও ছোট ছেলে বিরাজ কান্তি চক্রবর্তী একই ব্যাংকের কালিঘাট শাখায় কর্মরত।

জৈন্তা বার্তা/আরআর