জকিগঞ্জে অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুলের মা*নববন্ধন
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:২৭ AM

জকিগঞ্জে অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুলের মা*নববন্ধন

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০৩:০০:১৯ PM

জকিগঞ্জে অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুলের মা*নববন্ধন


সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতীত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করার প্রতিবাদে সিলেটের জকিগঞ্জে অর্ধশতাধিক কিন্ডারগার্টেন স্কুল একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও পয়েন্টে একযোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

শাহগলী, আটগ্রাম, কালিগঞ্জ, কসকনকপুর, উত্তরকুল, হাসিতলা, কামালগঞ্জ, গঙ্গাজল, বাবুরবাজার, ইদগাহ, মাসুম বাজার, রতনগঞ্জ, হাড়িকান্দি, ভরণ মুমিনপুরসহ উপজেলার প্রায় সব এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে, যা বৈষম্যমূলক ও অসাংবিধানিক।

পরে দুপউর ১২টা ৩০ মিনিটে জকিগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে কেন্দ্রীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে পৌর এলাকার আল ইহসান একাডেমি, জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুল, ক্যাডেটহোম, সাবআ সানাবিল ও জকিগঞ্জ কিন্ডারগার্টেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা অংশ নেন।

জকিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মামুন ও মাওলানা ইয়াহিয়া আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন ক্যাডেটহোমের প্রিন্সিপাল সিরাজ উদ্দিন, জকিগঞ্জ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শফিকুর রহমান, সাবআ সানাবিল স্কুলের পরিচালক রাজু আহমদ, আল ইহসান একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আহমদ আল আযাদ, দারুল আজহার একাডেমির পরিচালক আব্দুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে বৃত্তি পরীক্ষায় সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সারাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/আরআর