ছবি:নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর গোয়াইনঘাট সড়ক হতে কদমতলা গ্রামে যাতায়াতে নাইয়াদাড়া নামক স্হানে নির্মিত ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে চলাচল করছে গ্রামের লোকজন ও যানবাহন। গ্রাম ও হাওরে চলাচলের এই ব্রীজ যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে এলাকাবাসী শঙ্কা প্রকাশ করেছেন। এমনকি যানবাহন চলাচলে যেকোনো সময় অনাকাঙ্খিত দুর্ঘটনাও ঘটতে পারে। ব্রীজটি অপসারণ করে পুনরায় নির্মাণের দাবী এলাকাবাসীর।
গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১০ - ১১ অর্থবছরে নাইয়া দাড়া খালের ওপর ২৭ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। ২০২২ সালে পাহাড়ি ঢলের প্রবল স্রোতের কারণে ব্রীজটির নিচের মাটি সরে গিয়ে মধ্যখানে ভেঙ্গে ঝুলে পড়ে। এই অবস্থায় রয়েছে বিগত তিন বছর যাবত।
গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলছেন, ব্রিজটি তাদের তত্ত্বাবধায়নে তৈরি হলেও ২০২২ সালের স্মরণ কালের ভয়াবহ বন্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নির্মাণের কয়েক বছরের মাথায় ব্রিজটি ধসে গেছে। যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হয়েছিল সেহেতু এখানে পুনরায় ব্রিজ নির্মাণে প্রস্থাবনা করা হচ্ছে।
স্হানীয় বাসীন্দা ইমাম ও রিয়াজ উদ্দীন সহ এলাকাবাসী বলেন, ৩ বছর ধরে ব্রীজটির মধ্যাংশ দেবে গিয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই অবস্থায়ও ওই গ্রামের হাজার হাজার মানুষ কোমলমতি শিশু শিক্ষার্থী ছোট ছোট যান নিয়ে চলাচল করছেন। আমন ও বোরো দুই মৌসুমের আশপাশ ৪/৫ গ্রামের মানুষের কৃষি কাজে উৎপাদিত ধান বাড়ীতে নিয়ে আসা যাওয়ার একমাত্র ভরসা এই গ্রামীণ সড়ক। বর্তমান বর্ষায় এই ব্রীজ যেকোনো সময় ধসে পড়তে পারে। এতে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তারা এই জনপদে বসবাসকারী মানুষের দূর্ভোগ লাঘবে দ্রুত ব্রীজটি অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবি জানান।
গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার জানান,আমি ইউপি চেয়ারম্যান কে নিয়ে ব্রীজটি পরিদর্শন করেছি। এই জায়গায় বন্যাপ্রবন হওয়ায় ব্রীজটি ধসে গেছে। এখানে গার্ডার ব্রিজ নির্মাণ প্রয়োজন। সেই মোতাবেক বন্যার পানি দ্রুত চলে যাওয়ার জন্য আরো ৫০ ফুট দীর্ঘ করে গার্ডার ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




