জৈন্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৫ PM

জৈন্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ০২:১২:৪৩ PM

জৈন্তাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে ২০২৫ সালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার দরবস্তে মা কমিউনিটি সেন্টারে এই কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

জৈন্তাপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহসিনুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি হুসাইন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন প্রার্থী জয়নাল আবেদীন। 

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই প্রজন্ম আগামীতে এই দেশকে নেতৃত্ব প্রদান করবে। একজন কৃতী শিক্ষার্থী শুধু নিজের জন্য নয়, বরং তাদের পেছনে যারা বেড়ে উঠছে তাদের লেখাপড়ার সার্বিক দেখভাল করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষাজীবন থেকে পরনির্ভরশীলতা কমিয়ে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা অব্যাহত রাখতে হবে। যাতে করে ভবিষ্যতে নিজেকে যোগ্য নেতা ও সফল উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। কারণ এই শিক্ষার্থীদের হাত ধরে আগামীর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার, চাঁদপুর জেলা শহর শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম মারুফ, সিলেট জেলা পূর্ব শাখার সেক্রেটারি আদিলুর রহমান, সিলেট জেলা পূর্ব শাখার অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম।

পরে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৪০০'র অধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

জৈন্তা বার্তা/আরআর