সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জাকির আলমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এবং সিলেটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে ওই দুর্ঘটনা।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা আক্তার খুশি (১৯) ও শফিক মিয়া (৭৩)। গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীকে (১৯) সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুইজন আহত হন, যাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পরপরই র্যাব-৯ এর সদর কোম্পানি এবং সিপিসি-৩ (সুনামগঞ্জ কোম্পানি) এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ থানার লামাকাজি এলাকায় অভিযান পরিচালনা করে বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেপ্তার করে। তিনি বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে। সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
জৈন্তা বার্তা/আরআর




