ছবি: নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র এম সাইফুর রহমান ধলাই ব্রিজ রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ধলাই ব্রিজের পূর্বপারে ক্বাওমী মাদরাসা ঐক্যপরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ক্বাওমী মাদরাসা ঐক্য পরিষদের চেয়ারম্যান ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মুফতী আব্দুল মুছাব্বির। যৌথ সঞ্চালনা করেন মাখজানুল উলূম কলাবাড়ী মাদরাসার উস্তাদ মাওলানা নুরুল হক এবং ভোলাগঞ্জ মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ হোসাইন।
সভা শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলাবাড়ী মাদরাসার ছাত্র হাফিজ আব্দুল কাইয়ুম। স্বাগত বক্তব্য দেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মিলন।
এ সময় বক্তব্য রাখেন কাওমী মাদরাসা ঐক্য পরিষদের সেক্রেটারি হাফিজ মাওলানা জামাল উদ্দিন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা হাফিজ মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, নয়াগাঙ্গেরপার মাদরাসার মুহতামীম মাওলানা গাজী মাসুদুর রহমান, কলাবাড়ী মহিলা মাদরাসার মুহতামীম মাওলানা আইয়ুব আলী, যুব জমিয়ত উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীন সিরাজী, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সহ-সভাপতি মাওলানা ফয়সল আহমদ, আল-হামীদ ছাত্র সংসদ কলাবাড়ী মাদরাসার সহ-সভাপতি মাওলানা কয়েছ আহমদ, ছাত্র জমিয়ত জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মিসবাহ আহমদ রুকন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ হোসাইন, মাস্টার রইছ আলী প্রমুখ।
বক্তারা বলেন, ধলাই ব্রিজ কোম্পানীগঞ্জবাসীর প্রাণের সেতু। এ ব্রিজ ধসে গেলে পুরো উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং হাজারো মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে। তারা আরও বলেন, ব্রিজটি রক্ষায় দ্রুত সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, ক্বাওমী মাদরাসা ঐক্য পরিষদের অন্তর্ভুক্ত মাদরাসার মুহতামীম, আলেম-উলামা ও বিপুলসংখ্যক ছাত্র উপস্থিত ছিলেন।
সভাপতি মুফতী আব্দুল মুছাব্বির সমাপনী বক্তব্যে ধলাই ব্রিজের তাৎপর্য তুলে ধরে বলেন, ধলাই ব্রিজ শুধু একটি স্থাপনা নয়, এটি কোম্পানীগঞ্জবাসীর জীবনরেখা। এর রক্ষা করা মানে মানুষের জীবন, ব্যবসা ও ভবিষ্যৎ রক্ষা করা। তাই ব্রিজ রক্ষার আন্দোলন জনগণের আন্দোলন।” পরে তার মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




