সিলেটে তিনদিন হতে পারে অতিভারী বৃষ্টি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৪ AM

সিলেটে তিনদিন হতে পারে অতিভারী বৃষ্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০১:১৩:২৫ PM

সিলেটে তিনদিন হতে পারে অতিভারী বৃষ্টি


নিম্নচাপের প্রভাবে বুধবার (২০ আগস্ট) থেকে পরবর্তী তিনদিন সিলেটে অতিভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১৯ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয় এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের অধিক্য বিরাজ করছে।  

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়ার কমতে পারে।

পরবর্তী দুদিন দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে।

জৈন্তা বার্তা/আরআর