জকিগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধ*র্ষণ, গ্রে*প্তার ১
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৪ AM

জকিগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধ*র্ষণ, গ্রে*প্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ০২:৪৪:০৬ PM

জকিগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধ*র্ষণ, গ্রে*প্তার ১


সিলেটের জকিগঞ্জে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (২০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৯ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। 

র‌্যাব জানায়, গত ২৬ জুলাই সকালে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী বন্ধুর সঙ্গে এলাকার একটি পরিত্যক্ত ব্রিক ফিল্ডে ঘুরতে যায়। সেখানে অভিযুক্তরা গোপনে ভুক্তভোগী ও তার এক বন্ধুর ছবি তোলে। পরে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে অনৈতিক প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হলে তার ও বন্ধুর মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এ সময় বন্ধুটি বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আটকে রাখা হয়। এরপর মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ধর্ষণের পর এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ফলে ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি ভুক্তভোগী। তবে পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে সে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি প্রকাশ করেন। পরে ভুক্তভোগী নিজে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে।

মামলার পর র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট ও র‌্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার সাভারের খাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারনামীয় আসামি শাকের আহমদকে (২৪) গ্রেপ্তার করা হয়। শাকের একই থানার মাইজগ্রাম এলাকার আজাদ আহমদের ছেলে। 

জৈন্তা বার্তা/আরআর