ছবি নিজস্ব
অন্তর্বর্তী সরকারের দেওয়া রূপরেখায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম মো. মোজাহিদ আলী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে এমন অভিযোগ করেন তিনি।
ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের আয়োজনে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চবিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তাহসিনা রুশদীর লুনা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র রুখে দিয়েছে এ দেশের ছাত্র-জনতা। এখন নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন পিছিয়ে দেওয়ার। অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের একমাত্র চাওয়া হচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন। নির্বাচিত সরকারের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার দেশ চালাবে। কিন্তু এই পথ পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। ভেতরে ভেতরে ৩শ আসনে প্রার্থী চূড়ান্ত করে পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর কুটকৌশল বাস্তবায়ন করতে চাইছে তারা। এটা হতে দেওয়া যাবে না।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন। ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের ট্রাস্টি মঈনুল ইসলাম, ট্রাস্টি জোবায়ের আহমদ ও মাসুম বিল্লাহের যৌথ সঞ্চালনায় এবং আলতাব আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ ও বিশ্বনাথ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।
স্মরণসভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেদ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সফিয়ান, ট্রাস্টি সদস্য আলী আহবাব মাসুম, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, যুবদল নেতা ফখরুল ইসলাম ও আতিকুর রহমান আতিক। স্বাগত বক্তব্য দেন ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের ট্রাস্টি সাবেক যুবদল নেতা সুমন মিয়া।
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা শাহিন আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপি, উপজেলা ও পৌরসভা বিএনপি, ট্রাস্টের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/আরআর




