ছবি : সংগৃহীত
সিলেটে আদালত চত্বরে যৌতুক নিরোধ মামলায় স্বামীর খালাসের রায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রীর হামলায় আসামিপক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মূখ্য বিচারিক হাকিম আদালত ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ ওই নারী ও তার ভাইকে আটক করেছে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার যৌতুক নিরোধ আইনে করা মামলায় আসামি ওসমানীনগর উপজেলার মোবারকপুর এলাকার আব্দুস শুকুর (৪০) আদালত থেকে খালাস পান। রায় ঘোষণার পর বাদী ও শুকুরের স্ত্রী নুরজাহান বেগম (৩৮) ক্ষুব্ধ হয়ে আদালতের ছয়তলা থেকে দৌড়ে নামেন এবং তৃতীয় তলায় এসে আসামিপক্ষের ওপর চাকু ও হাতুড়ি নিয়ে হামলা চালান। তার সঙ্গে ছিলেন ছোট ভাই মনজাম মিয়া (২৮)।
এতে আসামিপক্ষের জামাল উদ্দিন (৫৭) ও সাদিকুর রহমান (২৯) গুরুতর আহত হন। তারা দৌড়ে আদালতের আরেকটি এজলাসে আশ্রয় নেন। আহতদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ ও আইনজীবীরা হামলাকারী নুরজাহান ও তার ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাদের কাছ থেকে একটি চাকু, হাতুড়ি ও সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘আসামির খালাসের রায়ে ক্ষুব্ধ হয়ে বাদী আদালত প্রাঙ্গণে হামলা চালান। এতে আসামিপক্ষের দুইজন আহত হয়েছেন। আমরা হামলাকারী নারী ও তার ভাইকে আটক করেছি।’
জৈন্তাবার্তা / মনোয়ার




