ছবি: নিজস্ব
বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে ৪ কোটি ৬৩ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে।
বুধবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়,গত ২৬ ও ২৭ আগস্ট ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, মিনাটিলা, বাংলাবাজার ও সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালিত হয়।
এ সময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি ও শিং মাছ আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার হরিপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী, কাশ্মীরি ওড়না, স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস, নিভিয়া সফট ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জিলেট রেজার, জিলেট ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্ত দানা ও বিভিন্ন প্রকার বিস্কুট আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, পরিচালিত সকল অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ০৪ কোটি ৬৩ লক্ষ টাকা সমপরিমাণ ।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




