ছবি : সংগৃহীত
ঢাকায় আন্দোলনরত বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখী সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বুধবার বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিএসসি প্রকৌশলীদের আন্দোলনে পুলিশী হামলা ইন্টেরিম সরকারের অদূরদর্শিতা প্রকাশ করে। চব্বিশের দাবি ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু তা না হয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে যে বৈষম্য করা হচ্ছে তা জুলাই গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি।
শিক্ষার্থীরা আরও দাবি জানান অবিলম্বে বৈষম্যমূলক কোটা বাতিল করা হোক এবং বিএসসি প্রকৌশলীদের যথাযথ মর্যাদা প্রদান করা হোক। পরবর্তীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সিলেট— সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের সাথে এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও প্রভাষক মাইন উদ্দীন।
জৈন্তাবার্তা / মনোয়ার




