ছবি: নিজস্ব
সিলেটের ওসমানীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরের সমর্থনে তাজপুর ইউনিয়নে মতবিনিময় সভাকে কেন্দ্র করে বিএনপির দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায় মঙ্গলবার রাত ৯টায় তাজপুর বাজারে খাজা আছাব আলী ভান্ডারী মার্কেটের সামনে হুমায়ুন কবিরের সমর্থনে জাতীয়তাবাদী হুমায়ুন কবির সমর্থক ফোরাম ওসমানীনগর এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভার শেষপ্রান্তে সভাপতির বক্তব্যের প্রাক্কালে লুনা ইলিয়াসের নাম ধরে স্লোগান নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের সমর্থিত কিছু নেতৃবৃন্দকে লিপলেট বিতরণ ও মিছিল দিতে দেখা যায়। এসময় উপস্থিত দুপক্ষের নেতৃবৃন্দদের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।
এব্যাপারে জানতে চাইলে তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী বলেন , আমরা ওসমানীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে মতবিনিময় সভা করছি। এর ধারাবাহিকতায় গতকাল রাতে তাজপুর ইউনিয়নে মতবিনিময় সভা করি। সভা চলাকালীন সময়ে আমাদের লক্ষ করে লুনা ইলিয়াসের নাম ধরে স্লোগান নিয়ে সামাজিকভাবে উশৃঙ্খল ও বিভিন্নরকম মামলায় সাজাপ্রাপ্ত আসামীদের নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের সমর্থিত কিছু নেতৃবৃন্দ মিছিল দিয়ে আমাদের সভায় উশৃঙ্খলতা সৃষ্টি করতে চেয়েছিল। আমরা সভা সুন্দরভাবে সমাপ্ত করেছি।ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলাবাহিনী উপস্থিত থেকে পরিবেশ শান্ত রাখার জন্য।
ওসমানীনগর উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ বলেন, তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপজেলার সকল ইউনিয়নে লিপলেট বিতরণ করে আসছি। এর ধারাবাহিকতায় আমরা তাজপুর বাজারে লিপলেট বিতরন করেছি। বিতরনকালে নেতাকর্মীরা এক জায়গায় জড়ো হওয়ায় উৎসবমূখর পরিবেশে মিছিল দেন ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া বলেন, মতবিনিময় সভা ও মিছিল হয়েছে। কোনো বিশৃঙ্খলা হয় নাই। ঘটনাস্থলে পুলিশ ছিল।
জৈন্তাবার্তা / মনোয়ার




