দক্ষিণ সুরমায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪৫ AM

দক্ষিণ সুরমায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ০২:২৩:২৪ PM

দক্ষিণ সুরমায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় সিলেট মহানগরীর দক্ষিণাংশ যা দক্ষিণ সুরমা থানার আওতাধীন এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে চুরি-ছিনতাইসহ সকল প্রকারের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তরুণ প্রজন্ম ও যুবসমাজের চরিত্র রক্ষায় মাদকদ্রব্য বিক্রি ও সেবন এবং তীর জুয়াসহ সকল রকমের জুয়া খেলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সামাজিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে অংশ নেন মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. মামুন খান, মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম শায়েস্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) কাজী তোবারক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসির প্রতিনিধি এসআই অমিত সাহা, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস অফিসের পক্ষে ওয়ারহাউজ ইন্সপেক্টর টিটন সিকদার, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর প্রতিনিধি পলাশ মালাকার, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল আজিজ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. সানোয়ার আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা। 

সভায় বক্তারা কিনব্রিজ থেকে চন্ডিপুল পর্যন্ত সড়কের প্রতিটি ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে অপরিসর স্টেশন রোডের যানজট দূরীকরণে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভাসমান হকারদের কবল থেকে সড়কটি পরিচ্ছন্ন রাখতে হবে। 

তারা বলেন, কিনব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নগরির দুই প্রান্তে যাতায়াতে এখন কাজিরবাজার ব্রিজ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু কাঠ ব্যবসায়ীরা অবৈধভাবে রাজপথের ওপর স্তুপ আকারে মালামাল রেখে দেয়ায় রেলগেট থেকে রেলস্টেশন হয়ে কদমতলী বাস টার্মিনাল পর্যন্ত যাতায়াতে যাত্রীসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা। 

বক্তারা নগরীতে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিকারে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 

সভায় বিভিন্ন বক্তা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নাম্বার প্লেটবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিকশাগুলোকে বৈধ নাম্বার প্লেট প্রদান করা হলেও সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি সিলেট অঞ্চলে মাদক পরিবহন, চুরি, ছিনতাই, রাহাজানি বন্ধে অনেকটা সহায়ক হতে পারে।

সভায় জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাস থেকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভা প্রতি মাসের দ্বিতীয় সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

জৈন্তা বার্তা/আরআর