সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১১টি গরু ও ১টি মহিষ জব্দ করেছে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা গরু-মহিষের বাজারমূল্য ১০ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
১৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহলদল শুক্রবার (২৯ আগস্ট) ভোরে সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৪০০ গজ ভেতরে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। এগুলোর সিজারমূল্য ধরা হয়েছে ৬ লাখ ৪০ হাজার টাকা।
এ ছাড়া একই দিনে জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু ও ১টি মহিষ জব্দ করে। এগুলোর সিজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ভারতীয় পশুগুলো জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জৈন্তা বার্তা/আরআর




