সংগৃহিত
সাবেক পাকিস্তান অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রাম টি-টোয়েন্টি দলে বাবর আজমকে ফেরানোর আহ্বান জানিয়েছেন। চলমান এশিয়া কাপ ২০২৫-এর পাকিস্তান দলে না থাকলেও বাবরের অভিজ্ঞতা ও ব্যাটিং দক্ষতার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।
বাবর আজম, যিনি টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর থেকে এই ফরম্যাটে দলে নেই। পাকিস্তান দল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন তরুণদের সুযোগ দিচ্ছে।
তবে আক্রাম মনে করেন, চ্যালেঞ্জিং উইকেটে ১৫০–১৬০ রানের লক্ষ্য তাড়া করতে বাবরের মতো ব্যাটারের দরকার হয়। ভারতের একটি সম্প্রচারমাধ্যমকে আক্রাম বলেন, “আমি আগেও বলেছি, বাবরকে টি-টোয়েন্টি দলে চাই। কঠিন পিচে ১৫০-১৬০ রান তাড়া করতে হলে এমন ব্যাটারের দরকার হয়, যে চাপ নিতে পারে।”
তিনি আরও বলেন,“বাবর ও রিজওয়ানকে চার-পাঁচ বছর সুযোগ দেওয়া হয়েছে। তারা ভালো করেছে, তবে ধারাবাহিক ছিল না। তাই নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। এই দলও ভালো করছে।”
এ ছাড়া তরুণদের নেতৃত্বে থাকা সালমান আলি আগার প্রশংসা করে আক্রাম বলেন, “ও ভালো নেতৃত্ব দিচ্ছে। নিজের ব্যাটিং অর্ডারও দলের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করছে। ভয়ডরহীন ক্রিকেট খেলছে এই দল। হারলেও চাপ নেয় না। এমন মানসিকতা দরকার। বেশি এক্সপেরিমেন্ট না করলেই এই দল বড় দলগুলোকে নিয়মিত হারাতে পারবে।
জৈন্তাবার্তা / সুলতানা




