শাবিপ্রবিতে ২৮ বছর পর শাকসু নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৫ PM

শাবিপ্রবিতে ২৮ বছর পর শাকসু নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০৮:২৮:৪৮ PM

শাবিপ্রবিতে ২৮ বছর পর শাকসু নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে

ছবি: নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) দীর্ঘ ২৮ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের পথে হাঁটছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উপাচার্য জানান, নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনকে ঘিরে যদি শিক্ষার্থীদের মধ্যে সংঘাত বা পাঠদানে ব্যাঘাত ঘটে, তাহলে তা হবে বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ক্ষতি।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দাবি-দাওয়া তুলে ধরতে পারবে এবং প্রয়োজনীয় অধিকার আদায় করতে সক্ষম হবে।

নির্বাচনের সময়সূচি সম্পর্কে তিনি জানান, বর্তমানে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি চলছে। অক্টোবরের মাঝামাঝি ফাইনাল শেষ হওয়ার পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে আগামী দুই-তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্রও চূড়ান্ত করা হবে। পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্বাচন কমিশনই প্রকাশ করবে।

প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯৭ সালে শাবিপ্রবিতে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ১৯৯৩ সাল থেকে তিনবার এ নির্বাচন হয়েছিল। অর্থাৎ দীর্ঘ ২৮ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অচল অবস্থায় রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার