শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য ১৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কমিশনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছকে।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আরও ১২ জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন– জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক কামরুল ইসলাম, পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক মিছবাহ উদ্দিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আশরাফ সিদ্দিকী, বাংলা বিভাগের অধ্যাপক রিজাউল ইসলাম, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক রেজোয়ান আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবুল আলম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আবদুল জলিল, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনযুর-উল-হায়দার, স্থাপত্য বিভাগের স্থপতি ইফতেখার রহমান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রাজিক মিয়া।
উপ-উপাচার্য আরও জানান, এই কমিটি বর্তমান প্রবিধি অনুযায়ী কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যাবতীয় আয়োজন করবে। নির্বাচনের নির্দিষ্ট তারিখ সম্পর্কে তিনি বলেন, ‘এটি নির্বাচন কমিশন ঠিক করবে।’
জৈন্তা বার্তা/আরআর




