ছবি:সংগৃহীত
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন,‘এখন পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতাকেন্দ্রিক দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে বদলাতে না পারলে সম্প্রীতির বাংলাদেশ গড়া সম্ভব নয়।’
মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিপি নূর বলেন,‘ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে জাতির মুক্তির লড়াই চলছে। এই লড়াইয়ে বাংলার মানুষকেই বিজয়ী হতে হবে। সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই। গণঅধিকার পরিষদ সেই নতুন নেতৃত্ব তৈরির কাজ করছে।’
তিনি জানান, আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদ জোটবদ্ধভাবে অংশ নিলেও অধিকাংশ আসনে দলীয় প্রার্থীরা ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি নির্বাচন কমিশনের প্রতীক আইনেরও প্রশংসা করেন।
গত ১৫ বছরের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে নূর বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে একদলীয় শাসন কায়েম করেছিল। ভিন্নমতের মানুষকে মামলা ও হামলার মাধ্যমে দমন করা হয়েছিল। এখন দেশে মুক্ত পরিবেশ ফিরতে শুরু করেছে। এই সুযোগে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে।’
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট মো. জাহিদুর রহমানের সমর্থনে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন-
হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট–১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, উপদেষ্টা হাবীবুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, বিয়ানীবাজারের সমন্বয়ক বিবেকানন্দ দাস ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দেবনাথ।
সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নতুন প্রজন্মের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সম্প্রীতিমূলক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
Jainta Barta/Wadud




