সিলেট টেস্ট: দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৫ PM

সিলেট টেস্ট: দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৩:০৩:৪৬ PM

সিলেট টেস্ট: দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


প্রথম সেশনে কঠিন সময় পার করলেও দ্বিতীয় সেশনে ৩ উইকেট পেয়েছে বাংলাদেশ। ভেঙেছে দুটি বড় পার্টনারশিপ। দ্বিতীয় সেশনের শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। প্রথম দুই ওভারে তুলে নেয় দুই গুরুত্বপূর্ণ উইকেট। ৬০ রানে সেট হয়ে যাওয়া পল স্টার্লিংকে আউট করেন নাহিদ। এরপর নতুন ব্যাটার হ্যারি টেক্টরকেও সাজঘরে পাঠান মিরাজ। তবে দ্রুত দুই উইকেট পড়লেও অভিষিক্ত কেড কারমাইকেল দলকে চাপে পড়তে দেননি। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন নিজের প্রথম টেস্ট ফিফটি। মাঝের দিকে ক্যাম্ফারের সঙ্গে ৫৩ রানের গুরুত্বপূর্ণ জুটিও গড়েন তিনি। কিন্তু ৫৯ রানে এসে রিভার্স সুইপ খেলতে গিয়ে মিরাজের বলে কাটা পড়েন তিনি।

প্রথম সেশনের মতো এই সেশনেও বাজে ফিল্ডিংয়ের নজির রেখেছে বাংলাদেশ। মুরাদের বোলিংয়ে সহজ একটি ক্যাচ ফেলেন শান্ত। তাতে ১১ রানে জীবন পান টাকার। এরপর টাকার ও ক্যাম্ফার ৩৪ রানের জুটি গড়ে দ্বিতীয় সেশন নির্বিঘ্নে শেষ করেছেন। চায়ের বিরতিতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ৫৬ ওভারে প্রথম ইনিংসে ১৮৪ রান। ক্যাম্ফার ৩৫ রানে ব্যাট করছেন, টাকার অপরাজিত ২২ রানে। 

সব মিলে এখন পর্যন্ত বাংলাদেশ চারটি ক্যাচ হাতছাড়া করেছে। এই সেশনে ৩০ ওভারের খেলা হয়েছে। আয়ারল্যান্ড ৩ উইকেট হারিয়ে যোগ করেছেন ৯০ রান। 

লাঞ্চ থেকে ফিরেই টানা দুই ওভারে উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তার পর অবশ্য প্রতিরোধ গড়ে ইনিংস সামলাতে থাকেন কেড কারমাইকেল ও কার্টিস ক্যাম্ফার। চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়েন তারা। যার মূল কারিগর ছিলেন অভিষিক্ত কারমাইকেল। শুরুর টেস্টেই তুলে নিয়েছেন ফিফটি। তাকে ৫৯ রানে থামিয়ে প্রতিরোধ ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। আয়ারল্যান্ড চতুর্থ উইকেট হারায় ১৫০ রানে। 

মিরাজের বলে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন কারমাইকেল। বল ব্যাটের কানায় লেগে বাহুতে স্পর্শ করে বাতাসে উঠলে দুর্দান্ত ক্যাচে সেটা লুফে নেন শান্ত। কিন্তু অনফিল্ড আম্পায়ার বাংলাদেশের আবেদনে মোটেও সাড়া দেননি। রিভিউর পরই সাফল্য পায় স্বাগতিক দল। কারমাইকেলের ১২৯ বলের ইনিংসে ছিল ৭টি চার।

প্রথম সেশনে নিজেদের ভুলের মাশুল দিতে হয়েছে বাংলাদেশের। তিনটি ক্যাচ মিস করায় জুটি গড়েন স্টার্লিং ও কারমাইকেল। লাঞ্চ থেকে ফিরেই অবশ্য প্রথম ওভারে স্টার্লিংকে ফিরিয়ে রেকর্ড ৯৬ রানের জুটি ভেঙেছেন নাহিদ রানা। পরের ওভারে মেহেদী হাসান মিরাজও আঘাত হানায় দ্রুত সময়ে দুই উইকেট হারিয়েছে সফরকারী দল।  

২৬.৩ ওভারে নাহিদের গতিতে পরাস্ত হয়ে দ্বিতীয় স্লিপে সাদমানকে ক্যাচ দিয়েছেন স্টার্লিং। তিনি কাটা পড়েন ৬০ রানে। তার ৭৬ বলের ইনিংসে ছিল ৯টি চারের মার।   

পরের ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান নতুন ব্যাটার হ্যারি টেক্টরকে (১) এলবিডাব্লিউতে ফিরিয়েছেন। শুরুতে আম্পায়ার আউট দেননি। বাংলাদেশ রিভিউ নেওয়াতে মেলে সাফল্য। তাতে এক রানের ব্যবধানে দুই উইকেট হারায় আইরিশ দল।

রোদেলা সকালে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে নতুন বলে প্রথম ওভারেই আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে শূন্য রানে এলবিডাব্লিউতে ফেরান হাসান মাহমুদ। কে জানতো তিনটি ক্যাচ মিসে প্রথম সেশনে সেটি বাংলাদেশের একমাত্র সাফল্য হয়ে থাকবে! 

নিজেদের ভুলে এরপর কঠিন সময় পার করেছে বাংলাদেশ। প্রথম ৪৫ মিনিটে তিন-তিনটি ক্যাচ হাতছাড়া করেন ফিল্ডাররা। দু’বার জীবন পান পল স্টার্লিং, একবার অভিষিক্ত ব্যাটার কারমাইকেল। সেই সুযোগটাকেই দারুণভাবে কাজে লাগান তারা। তাদের জুটিতে লাঞ্চে যাওয়ার আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ২৬ ওভারে ৯৪। 

৮ ও ১০ রানে জীবন পাওয়া স্টার্লিং-ই ছিলেন বেশি আক্রমণাত্মক। তাকে এসময় যোগ্য সঙ্গ দেন কারমাইকেল। দু’জন মিলে আয়ারল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটির নজির গড়েছেন। আগের সেরাটি ছিল ৭৫ রানের। প্রথম সেশনে এই জুটিতে যোগ হয়েছে ৯৪ রান। স্টার্লিং টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। ব্যাট করছেন ৫৮ রানে। কারমাইকেল অপরাজিত ৩০ রানে।

প্রথম ঘণ্টায় দারুণ বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই আঘাত হানেন হাসান মাহমুদ। বিদায় দেন অধিনায়ক বালবার্নিকে। তার পর অবশ্য তিন তিনটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ। যার সুযোগ নিয়ে আইরিশরা দ্বিতীয় উইকেটে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েছে। 

তিন ক্যাচের মধ্যে নাহিদের বলে দুবার বেঁচেছেন স্টার্লিং। তখন স্কোর ছিল ৮ ও ১০। ১০ রানে হাসান মাহমুদের বলে একবার জীবন পান ক্যাড কারমাইকেলও। জীবন পেয়েই তার পর দুজনে মিলে ১৩ ওভারে যোগ করেছেন ১ উইকেটে ৬২ রান।

টসে হেরে ফিল্ডিংয়ে নামলেও প্রথম ওভারের চতুর্থ বলেই আঘাত হেনেছেন পেসার হাসান মাহমুদ। তার বলে এলবিডাব্লিউ হয়েছেন ওপেনার ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি (০)। তিনি রিভিউ নিয়েও অবশ্য রক্ষা পাননি। আয়ারল্যান্ড প্রথম উইকেট হারায় শূন্য রানে। 

২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে এটি আইরিশদের মাত্র একাদশতম টেস্ট। এর আগে তারা তিনটি জিতেছে, হেরেছে সাতটি। এই সিরিজ দিয়ে ইতিহাসে মাত্র দ্বিতীয়বার তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। এর আগেরবার ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ তারা বাংলাদেশে মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে। সেখানে তারা চার দিনের মধ্যেই হেরে যায়। তবে সেই পরাজয়ের পর আয়ারল্যান্ড আরও ছয়টি টেস্ট খেলেছে, যার মধ্যে সাম্প্রতিক তিনটিতেই জয় পেয়েছে তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা