ছবি:সংগৃহীত
সিলেটের প্রাচীন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) আয়োজনে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ১৯তম কেমুসাস বইমেলা। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কেমুসাস প্রাঙ্গণে সংগঠনের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেন, ‘প্রায় এক শতাব্দী ধরে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাহিত্য-সংস্কৃতির শিরায় প্রাণসঞ্চার করে আসছে। বইমেলা কেবল বই বিক্রির আয়োজন নয়-এটি পাঠক ও লেখকের মাঝে হৃদ্যতার সেতুবন্ধন। নতুন প্রজন্মকে পাঠচর্চায় উৎসাহিত করতে কেমুসাসের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে কেমুসাসের সাবেক সভাপতি, কবি ও সাহিত্য সংগঠক রাগিব হোসেন চৌধুরীর প্রতি। তাঁকেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সম্মাননা জানানো হয়। বক্তব্যে কবি রাগিব হোসেন বলেন, “কেমুসাস আমার আত্মার ঠিকানা। এই বইমেলা সিলেটের সাহিত্য-অভিযাত্রার বার্ষিক উৎসব। পাঠকসমাজ যত সুদৃঢ় হবে, আমাদের ভাষা-সাহিত্যও তত সমৃদ্ধ হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেমুসাস বইমেলা উপ-কমিটির আহ্বায়ক জাহেদুর রহমান চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কামরুল আলম। স্বাগত বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সহসভাপতি অধ্যক্ষ কবি কালাম আজাদ, সহসভাপতি সাংবাদিক আফতাব চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে কবি অধ্যাপক বাছিত ইবনে হাবীব, কবি নাজমুল আনসারী, সাহিত্য সম্পাদক মোয়াজ আফসার, কবি ইশরাক জাহান জেলীসহ সিলেটের বিশিষ্ট কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
এবারের বইমেলায় ঢাকা ও সিলেটের ২৮টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। প্রতিদিনই পাঠক-লেখক আড্ডা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে মুখর থাকবে মেলা প্রাঙ্গণ।
বইমেলার দৈনিক আয়োজন
৯ ডিসেম্বর: বিকেল ৩টা-আবৃত্তি প্রতিযোগিতা; সন্ধ্যা ৬টা-মোড়ক উন্মোচন ও আলোচনা
১০ ডিসেম্বর: চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা
১১ ডিসেম্বর: ক্যালিগ্রাফি প্রতিযোগিতা; ১২৫৮তম সাহিত্য আসর
১২ ডিসেম্বর: ক্বিরাত প্রতিযোগিতা ও আলোচনা
১৩ ডিসেম্বর: গান প্রতিযোগিতা
১৪ ডিসেম্বর: হাতের লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা; শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা
১৫ ডিসেম্বর: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
১৬ ডিসেম্বর: বিজয় দিবস উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




