ছবি:সংগৃহীত
সিলেটের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। গ্রাম থেকে শহর-সবখানেই ধানের শীষের প্রতি মানুষের উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি জল্লারপাড় রোডের রাজা ম্যানশন, গ্যালারিয়া, এলিগ্যান্ট শপিংমলসহ বিভিন্ন মার্কেটে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। এসময় ব্যবসায়ীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তারা ধানের শীষের পক্ষে স্লোগান দেন।
ব্যবসায়ীরা বলেন, সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই গুরুত্বপূর্ণ এ নির্বাচনে সিলেট-০১ আসনে যোগ্য প্রার্থী খন্দকার মুক্তাদিরকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান তারা।
গণসংযোগকালে খন্দকার মুক্তাদির বলেন, ‘শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে পড়েছে। বিগত সরকার সিলেটের প্রতি উদাসীন ছিল এবং ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ-বান্ধব পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।’ তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে সিলেটে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্ম কখনো প্রকৃত ভোটের পরিবেশ দেখেনি। আগামীর নির্বাচনে একটি ‘ভোট উৎসব’ অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি তরুণ ভোটারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
ধানের শীষকে উন্নয়নের প্রতীক আখ্যা দিয়ে তিনি বলেন, অতীতে ধানের শীষের বিজয়ে দেশব্যাপী সামগ্রিক উন্নয়ন হয়েছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, এলিগ্যান্ট শপিংমলের স্বত্বাধিকারী আব্দুল মুনিম শিপু, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি জিডি রুমু, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সহ সভাপতি রাসেল আলী, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়াইব আহমেদ অভী, মো. জিয়াউর রহমান চৌধুরী, ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. জামিল আহমদ, ব্যবসায়ী মাহবুবুর রহমান রাসেল প্রমুখ।
এদিন বিকেলে তিনি লাক্কাতুরা গলফ ক্লাবে চা-বাগানের বিভিন্ন পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। রাতে নগরের ১৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। এসময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ মহানগর ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




