ছবি নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে রয়েছে ভবন সংকট। ফলে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে চলছে পাঠদান। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষা কার্যক্রমে অংশ নিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ৪১ শতক জায়গার ওপর গড়ে উঠলেও আধুনিক ও পর্যাপ্ত ভবনের অভাবে এখনো নানা সংকটের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছেন ১২৯ জন এবং শিক্ষক রয়েছেন ৫ জন। অথচ পাঠদানের উপযোগী শ্রেণিকক্ষ রয়েছে মাত্র দুটি। ফলে বাধ্য হয়ে একটি ঝুঁকিপূর্ণ টিন ও কাঠের পুরনো কক্ষে নিয়মিত পাঠদান চালিয়ে যেতে হচ্ছে।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ কক্ষটির দরজা-জানালার অবস্থা অত্যন্ত নাজুক। কাঠের খুঁটিগুলো পোকায় ক্ষতিগ্রস্ত হয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই টিনশেড ভবনের বিভিন্ন স্থানে পানি পড়ে, ফলে শ্রেণিকক্ষের পরিবেশ হয়ে ওঠে অস্বস্তিকর। অনেক সময় পাঠদানও ব্যাহত হয়। পাশাপাশি অল্প জায়গায় গাদাগাদি করে বসে পাঠ গ্রহণ করতে হয় শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করতে তাদের ভয় লাগে। তারা বলে, আমাদের মনে হয় কখন যেন কক্ষটি ভেঙে পড়ে। আমরা আতঙ্কের মধ্যে ক্লাস করি। আমরা দ্রুত সমস্যার সমাধান এবং নিরাপদ পরিবেশে পাঠদানের দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি। সহকারী শিক্ষক হাসিনা আক্তার বলেন, বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ কক্ষ ব্যবহার করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বৃষ্টি হলে শিক্ষার্থীদের নিয়ে খুব কষ্টে ক্লাস পরিচালনা করতে হয়। ছোট জায়গায় গাদাগাদি করে বসতে হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রæত নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।
অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ঝুঁকিপূর্ণ কক্ষ সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।
স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দ্রুত আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণ এখন সময়ের দাবি। অন্যথায় যেকোনো সময় ঘটতে পারে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা।
জৈন্তাবার্তা / আরআর




