কোম্পানীগঞ্জে দুইপক্ষের সং'ঘর্ষে নি'হত ১
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪৪ AM

কোম্পানীগঞ্জে দুইপক্ষের সং'ঘর্ষে নি'হত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ১১:২৭:৩৯ PM

কোম্পানীগঞ্জে দুইপক্ষের সং'ঘর্ষে নি'হত ১

প্রতীকী ছবি


সিলেটের কোম্পানীগঞ্জে খাগাইল ও গৌরিনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে খাগাইল ও গৌরীনগর গ্রামের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এর জের ধরে বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১২টার দিকে গৌরীনগর গ্রামের বাসিন্দা ট্রাকচালক আবুল হোসেন (৪০) সিলেটের ধোপাগুল এলাকা থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।

পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার বিকেল ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে ফের উত্তপ্ত হয়ে ওঠে খাগাইল ও গৌরীনগর গ্রাম। মৃত্যুর খবর শুনে গৌরীনগর গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে খাগাইল গ্রামের কয়েকটি ঘরবাড়িতে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, দুইপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

জৈন্তাবার্তা / আরআর