সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় ‘মাদকাসক্ত’ ছেলের হামলায় খলিলুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান ওই এলাকার বাসিন্দা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনারকে (২৮) আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে খলিলুর রহমানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার ছেলে মিনার। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে দাবি স্থানীয়দের। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এদিকে, ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই ঘটনায় তিনি কয়েক মাস কারাভোগও করেন।ওসি জানান, জামিনে মুক্ত হয়ে শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবার ওপর হামলা চালায় মিনার। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।
জৈন্তাবার্তা/সুলতানা




