আটক ছিনতাইকারী
সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন র্যাব সদস্য ইমন আচার্য্য। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য্যকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে হাসপাতালের আইসিসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, পুলিশ শুক্রবার দুপুরে হামলাকারী ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেপ্তার করেছে। তার নাম আসাদ উল আলম বাপ্পী।
পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীকে দৌড়ে পালাতে দেখে র্যাব সদস্য ইমন আচার্য্য তাকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, পুলিশ দায়িত্ব পালন করার সময় ছিনতাইকারীকে ধাওয়া করে। এ সময় র্যাব সদস্য ইমন বিষয়টি দেখতে পেয়ে তিনিও ছিনতাইকারীকে ধাওয়া করেন। ছিনতাইকারীকে ধরে ফেলার সাথে সাথে ছিনতাইকারী ইমনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে।
জৈন্তাবার্তা / আরআর




