সিলেটে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃ'ত্যু
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০৪ PM

সিলেটে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ১২:৪২:৪৭ PM

সিলেটে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃ'ত্যু


সিলেট বিভাগে হামের পরিস্থিতি আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের ১ জন, সুনামগঞ্জের ৩ জন ও হবিগঞ্জের ১ জন শিশু রয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৭ জন শিশুর মৃত্যু হলো। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৮৩ জন রোগী।

শুক্রবার (২২ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশু হলো- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুল মালিকের ৫ মাস বয়সী মেয়ে রাইসা, সুনামগঞ্জের ছাতকের ইশাক আলীর ৬ বছর বয়সী ছেলে আলী আফসান, দিরাইয়ের মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী মেয়ে মুসলিমা, সদর উপজেলার ৪ বছর ২ মাস বয়সী শামিমা ও সিলেট সদর উলজেলার বাহরাম আহমেদের ১ বছর ২ মাস বয়সী ছেলে মো. রাশেদ আহমেদ।

তাদের মধ্যে রাইসা ও আলী আফসান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, মুসলিমা ও রাশেদ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং শামিমা সুনামগঞ্জ সদর হাসপাতালে মারা যায়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন রোগী ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৩ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জৈন্তাবার্তা / আরআর