ছবি:সংগৃহীত
জৈন্তা বার্তাসহ বিভিন্ন গণমাধ্যমে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশত পরিবারের মাঝে পুনরায় চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হাদারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অসহায় হতদরিদ্র পরিবারসহ বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিতদের খুঁজে এনে এ চাল বিতরণ করেন ইউপি প্রশাসক বদরুল ইসলাম।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত মঙ্গলবার ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে। এ ঘটনায় স্থানীয় ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শ্রীমতি পদ্মা দেবী সিংহের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগে বলা হয়, সরকারি চাল বিতরণে অসহায় ও হতদরিদ্র অনেক নারী-পুরুষ চাল না পেয়ে ফিরে যান।
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে সুবিধাবঞ্চিতদের তালিকা করে পুনরায় চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে জানান, মঙ্গলবার সারাদিন অপেক্ষা করেও তারা চাল পাননি। পরে প্রশাসনের উদ্যোগে তাদের খুঁজে এনে চাল দেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় জনপ্রতিনিধির কার্যকর তদারকি না থাকায় অনেকেই সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক বদরুল ইসলাম বলেন, ভিজিএফের চাল বিতরণের দিন টোকেনধারী অনেক উপকারভোগী উপস্থিত না হওয়ায় প্রায় সাত বস্তা চাল অবশিষ্ট ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পর সুবিধাবঞ্চিতদের মধ্যে সেই চাল বিতরণ করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, বিছনাকান্দিতে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




