সিলেটে দেড় বছরের এক শিশুকন্যাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শিশুটির মা সুবিনা জান্নাতকে আটক করেছে।
নিহত শিশুর নাম মায়মুনা জান্নাত তোহা। সে ওই এলাকার আমির আলী ও সুবিনা জান্নাত দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। যাওয়ার আগে তিনি স্ত্রী সুবিনাকে নামাজের জন্য ডেকে তোলেন। স্বামী মসজিদে চলে যাওয়ার পর সুবিনা ঘরে থাকা দেড় বছরের মেয়ে মায়মুনার হাত-পা বেঁধে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় তাদের অপর এক সন্তানকেও হত্যার চেষ্টা করা হলে শিশুটি দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তোহাকে দেখতে পান।
স্থানীয়দের দাবি, সুবিনা জান্নাত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মায়মুনা জান্নাত ছিল পরিবারের তিন সন্তানের মধ্যে সবার ছোট। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানা গেছে, শিশুটির মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
তিনি আরও জানান, নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জৈন্তাবার্তা / আরআর




