হবিগঞ্জের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক তাহমিনা আক্তার
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৪০ PM

হবিগঞ্জের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক তাহমিনা আক্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ০২:১১:৩৩ PM

হবিগঞ্জের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক তাহমিনা আক্তার


নিষ্ঠা, মেধা ও সৃজনশীল শিক্ষাদানের অনন্য স্বীকৃতি পেলেন হবিগঞ্জ সদর উপজেলার আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর আওতায় তিনি হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।

তাহমিনা আক্তারের শিক্ষাজীবনের শুরু ঢাকার ক্যান্টনমেন্ট উত্তর কাফরুল হাইস্কুলে। এরপর তিনি মিরপুর গার্লস আইডিয়াল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স এবং সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে তিনি ব্রিটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হন। ওই পরীক্ষার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নির্বাচিত ১ হাজার ৬০০ শিক্ষকের মধ্যে তিনি একজন হিসেবে মনোনীত হন ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণের জন্য। এর ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজার পিটিআইয়ে তিন মাসব্যাপী আন্তর্জাতিক ট্রেইনার পরিচালিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সঙ্গে ১৪ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীর্ঘদিন ধরে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে তিনি শিক্ষক সমাজে অর্জন করেছেন বিশেষ সুনাম। শ্রেণিকক্ষে ব্যতিক্রমধর্মী পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টাই তাকে এনে দিয়েছে এ গৌরবময় স্বীকৃতি।

জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়ন শেষে কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্যক্তিগত জীবনে তাহমিনা আক্তার স্টারলেট ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী মহসিন আলমের সহধর্মিণী। তার এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন।

জৈন্তাবার্তা / আরআর