প্রতীকী ছবি
সিলেটে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক বাইসাইকেল আরোহী। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত বাইসাইকেল আরোহীর নাম কবির আহমদ। তিনি গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
জানা যায়, কবির আহমদ বৃহস্পতিবার রাতে হেতিমগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফুলবাড়ি ইউনিয়নের নয়া মসজিদের সামনে যাওয়ামাত্র পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জৈন্তাবার্তা / আরআর




