হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া-চা বাগানের চা শ্রমিকের সন্তান বিলাশ খাখা লড়ছেন জীবনযুদ্ধে। কয়েক মাস আগে তার পেটে গুরুতর সমস্যা দেখা দেয়, যার জন্য তাকে অপারেশন করাতে হয়। কিন্তু অপারেশনের পর তার পেটের অংশ বাইরে বেরিয়ে আসে। চিকিৎসক সতর্ক করেছেন, অতি দ্রুত আরেকটি অপারেশন না হলে তার জীবন বিপন্ন হতে পারে।
বিলাশের পরিবার অত্যন্ত দরিদ্র। দ্বিতীয়বারের অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসার খরচ তাদের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। সে কারণে সমাজের সহমর্মী মানুষদের প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সমাজকর্মী বিজয় গোয়ালা বলেন, সামান্য সাহায্য বিলাশকে স্বাভাবিক জীবনে ফেরাতে সক্ষম। আমরা ইতোমধ্যে কিছু ব্যবস্থা করেছি, তবে আরও মানুষের সহযোগিতা প্রয়োজন। সাহায্য পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর: ০১৭৬২৪০৭৬৩০।
চা-বাগানের লোকজন নিম্ন আয়ের শ্রমজীবি হওয়ার কারণে বিলাশকে আর্থিক সহায়তা দিতে পারছেন না।
সাবেক ইউপি সদস্য যোগেন্দ্র সাঁওতাল বলেন, এই গল্প শুধু এক ব্যক্তির জীবন বাঁচানোর নয়, এটি মানবিকতার প্রতীক। সমাজের সহমর্মিতা অসহায় মানুষের জীবন রক্ষায় বিশাল ভূমিকা রাখতে পারে।
শ্রমিক নেতা স্বরজিত ফাশি বলেন, বিলাশ একজন মানুষ, একজন চা শ্রমিক। তারও বাঁচার অধিকার রয়েছে। আমরা সবাই যদি সামান্য সহযোগিতা করি, তবে তার জীবন আবার স্বাভাবিক হতে পারে।
স্থানীয়দের আকুতি, বিলাশ খাখা বাঁচতে চান। তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। একসাথে মিলে আমরা বিলাশকে নতুন জীবন উপহার দিতে পারি।
জৈন্তা বার্তা/আরআর




