ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের দিন শনিবার সকালে সুস্থভাবেই দলের সঙ্গে মাঠে এসেছিলেন দলটির সহকারী কোচ মাহবুব আলি। কিন্তু ম্যাচ শুরুর আগে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতাল নেওয়ার কিছুক্ষণ বাদেই না ফেরার দেশের পাড়ি জমান জাতীয় দলের বয়সভিত্তিক দলের এই সহকারী কোচ।
তার চলে যাওয়ার খবরটি সিলেটের আল হারামাইন হাসপাতালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়া খবরটি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ইফতেখার মিঠু।
শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ মাঠে গড়ানোর আগে মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলি। অবস্থা বেগতিক দেখে দ্রুত মাঠে ছুটে আসেন বিসিবির চিকিৎসক ও দুই দলের ফিজিওরা। পরিস্থিতি গুরুতর হওয়ায় মাঠেই তাকে লাইফ সেভিং সাপোর্ট বা সিপিআর দেওয়া হয়।
এরপর জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণে। তবে, এতকিছু করেও বাঁচানো গেল না সাব্বির-নাসিরদের কোচকে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান তিনি।
বয়সভিত্তিক ক্রিকেটের কারিগর কেবল বিপিএলের কোচ নন, বাংলাদেশের ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ। সবশেষ তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের কোচিং প্যানেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছিলেন ২০২০ সালে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা দলেও।
তরুণ পেসারদের গড়ে তোলার কারিগর হিসেবে পরিচিত এই মুখ এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের পেস বোলিং ইউনিটের দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু প্রথম ম্যাচের আগেই পাড়ি জমালেন না ফেরার দেশে।
জৈন্তা বার্তা/আরআর




