ছবি:সংগৃহীত
নাঈম-রজিংটনের ঝড়ো ওপেনিং, সিলেটকে উড়িয়ে টেবিলের শীর্ষে পৌছে গেল চট্টগ্রাম রয়্যালস।
লক্ষ্য ছিল মাত্র ১২৭ রান। এত ছোট পুঁজি নিয়ে ম্যাচে ফেরার সুযোগ খুব একটা ছিল না সিলেট টাইটান্সের। চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার সেটার প্রমাণ দিলেন শুরুতেই। মোহাম্মদ নাঈম ও অ্যাডাম রজিংটনের ব্যাটে ওপেনিং জুটিতেই উঠে যায় ১১৫ রান, ফলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় অতিথিদের হাতে।
দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে স্বাগতিক সিলেট টাইটান্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় চট্টগ্রাম রয়্যালস। নাঈম ৫২ রান করে আউট হলেও ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইংলিশ ব্যাটার অ্যাডাম রজিংটন।
১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩.৪ ওভারে ১১৫ রানের জুটি গড়েন নাঈম-রজিংটন। ৩৭ বলে ৫২ রান করা নাঈমের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। এরপর বাকি কাজ অনায়াসে সেরে নেন রজিংটন ও সাদমান ইসলাম। ৫৩ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন রজিংটন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। সাদমান ইসলাম ৩ রানে অপরাজিত থাকেন।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস। ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেট টাইটান্স। শেষদিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৪১ বলে ৪৪ রানের ইনিংস না থাকলে তিন অঙ্ক ছোঁয়াই কঠিন হয়ে যেত স্বাগতিকদের।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে সিলেট টাইটান্স। ১৭ রান করে করেন পারভেজ হোসেন ইমন ও রাহাতুল ফেরদৌস (অপরাজিত)। ১৫ রান যোগ করেন জাকির হাসান। চট্টগ্রামের হয়ে মেহেদী হাসান ও মির্জা বেগ নেন দুটি করে উইকেট।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। চার ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




