ছবি:সংগৃহীত
১৯৯ রানের বড় লক্ষ্য সামনে নিয়ে লড়াইয়ে নেমেছিল সিলেট টাইটান্স। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটাররা চেষ্টা চালিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের বোলারদের চাপে ফেলতে। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারানোয় জয় থেকে শেষ পর্যন্ত দূরে থাকতে হয় স্বাগতিকদের। নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে না পেরে দুই বল হাতে রেখেই ১৮৪ রানে গুটিয়ে যায় সিলেট, হার মানে ১৪ রানে।
এর আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম রয়্যালস ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৮ রান। জবাবে সিলেট টাইটান্সের ইনিংস থামে ১৯.৪ ওভারে। চট্টগ্রামের পক্ষে পাকিস্তানি পেসার আমের জামাল দুর্দান্ত বোলিং করেন। ৩৪ রান খরচায় তিনি একাই শিকার করেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।
লক্ষ্য তাড়ায় সিলেটের ইনিংসে বড় কোনো জুটি গড়ে ওঠেনি। সর্বোচ্চ ৪৬ রান করেন আফিফ হোসেন ধ্রুব। তৌফিক খান ২৩ রান যোগ করেন। খালেদ আহদে করেন ২৫ রান এবং ইথান ব্রুকসের ব্যাট থেকে আসে ২০ রান।
অভিজ্ঞ মইন আলি ১১ বলে ১৩ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই ১৪ বলে ১৮ রান যোগ করেন। মেহেদী হাসান মিরাজ ১৭ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। আগের কয়েক ম্যাচে টপ অর্ডারে ব্যর্থ হওয়ায় এ ম্যাচে তাকে লেট মিডল অর্ডারে নামানো হলেও ফল বদলায়নি।
চট্টগ্রামের বোলিংয়ে আমের জামাল ছাড়াও শরিফুল ইসলাম ও তানভির ইসলাম নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি ও হাসান নওয়াজ।
এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ৮ পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স, তবে রান রেটে এগিয়ে চট্টগ্রাম। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিলেট টাইটান্স।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




