ছবি:সংগৃহীত
মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে মাঠে নেমেছেন সাবেক জনপ্রতিনিধিরা। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীতে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আম্বরখানা এলাকা থেকে শুরু হওয়া এই গণসংযোগ দরগাহ গেইট এলাকায় গিয়ে শেষ হয়। সাবেক জনপ্রতিনিধিদের এই কর্মসূচিতে নগরবাসীর ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। গণসংযোগে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
গণসংযোগে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম মুনিম, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, দিনার খান হাসু, আবদুর রকিব তুহিন, মুজিবুর রহমান মুজিব, হুমায়ুন কবির সুহিন, দেলোয়ার হোসেন নাদিম, নাজমুল হোসেন, সেলিম আহমদ রনি, রোকসানা বেগম শাহনাজ, সালেহা কবির শেপী, কমিশনার ওলিউর রহমান চৌধুরী সুহেল, জামাল আহমদসহ আরও অনেকে। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, শহীদ আহমদ চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই সিলেটের দৃশ্যমান উন্নয়ন হয়েছে। অন্য কোনো সরকার সিলেটের জন্য উল্লেখযোগ্য উন্নয়ন করতে পারেনি। তাই এবারও জনগণ বিএনপির পক্ষেই রায় দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ‘বিএনপির একজন কর্মী হিসেবে আমি নগরবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। জনগণ দুইবার আমাকে নির্বাচিত করে তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সেই দায়বদ্ধতা থেকেই আজ আমি নগরবাসীর কাছে খন্দকার মুক্তাদিরের পক্ষে ভোট চাইছি। শুধু সিলেট-১ নয়, সিলেট জেলার ছয়টি আসনের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামি মূল্যবোধ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ওতপ্রোতভাবে জড়িত। একই সঙ্গে সাইবার বুলিং ও অনলাইনে অপপ্রচার সম্পর্কে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কাউন্সিলরদের নিয়ে নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নিজেও এবারের নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী। ব্যস্ততার মধ্যেও ভালোবাসা ও দায়বদ্ধতার জায়গা থেকে তিনি সিলেট-১ আসনে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছেন, যা দলের প্রচারণায় নতুন গতি ও মাত্রা যোগ করেছে।
এদিকে সোমবার সকাল ৮টা থেকে টুকেরবাজার কাঁচাবাজার এলাকা থেকে নিজস্ব গণসংযোগ শুরু করেন খন্দকার মুক্তাদির। পরে মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জালালাবাদী থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সহসভাপতি নোমান আহমদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয় মিতা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




