সিলেট-৩ আসনে লড়াইয়ে ধানের শীষ ও রিকশা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৩ PM

সিলেট-৩ আসনে লড়াইয়ে ধানের শীষ ও রিকশা

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০২/২০২৬ ০১:১৪:০৬ PM

সিলেট-৩ আসনে লড়াইয়ে ধানের শীষ ও রিকশা


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ভোটের মাঠে প্রচার এখন তুঙ্গে। নাওয়া-খাওয়া ভুলে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। দিচ্ছেন প্রতিশ্রুতি। ভোট চাওয়ার পাশাপাশি পাল্টাপাল্টি বক্তব্য, কথার লড়াই-সব মিলিয়ে সরগরম নির্বাচনের মাঠ। জেলার ছয়টি সংসদীয় আসনে এবার কার সঙ্গে কার লড়াই-সেই হিসাব-নিকাশই এখন ভোটের মাঠের প্রধান আলোচ্য। কে এগিয়ে, কে পিছিয়ে, কার অবস্থান শক্ত, কার দুর্বল প্রচারণা, জনসমর্থন ও রাজনৈতিক সমীকরণ মিলিয়ে প্রতিটি আসনেই চলছে টানটান উত্তেজনা। আজ থাকছে সিলেট-৩ আসনের নির্বাচনী লড়াইয়ের চিত্র। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট অঞ্চলের রাজনীতি এখন চরম উত্তেজনাপূর্ণ। জেলার ছয়টি আসনের মধ্যে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনটি বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে আসছে। প্রবাসী অধ্যুষিত এই আসন রাজনৈতিকভাবে যেমন স্পর্শকাতর, তেমনি এখানে ধর্মীয় ও সামাজিক প্রভাবও নির্বাচনী সমীকরণে বড় ভূমিকা রাখে। এবারের নির্বাচনে এই আসনেও প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে, তবে সব হিসাব-নিকাশ ঘুরপাক খাচ্ছে মূলত দুই প্রার্থীর চারপাশে- ধানের শীষ ও রিকশা প্রতীক। 

এই আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বাস্তব চিত্র বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, মূল লড়াই হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক এবং জামায়াত জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর মধ্যে। নির্বাচনী মাঠে তাদের অবস্থান, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং সংগঠনিক শক্তি- সব মিলিয়েই এই দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। 

ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক তুলনামূলকভাবে পুরোনো ও পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় এবং তাঁর নিজস্ব একটি শক্তিশালী বলয় রয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, তিনি মাঠের রাজনীতিতে ‘আগে থেকেই প্রস্তুত’ ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম, জনসংযোগ ও স্থানীয় সভা-সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। ফলে প্রচারণা ও জনসংযোগের দিক থেকে তিনি এখন পর্যন্ত কিছুটা এগিয়ে রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। 

অন্যদিকে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দিন রাজু রাজনীতিতে তুলনামূলক নতুন হলেও তিনি সম্পূর্ণ অপরিচিত নন। তিনি গহরপুর মাদ্রাসার মুহতামিম এবং প্রখ্যাত আলেম ও বুযুর্গ মাওলানা নুরুদ্দিন গহরপুরী (রহ.)-এর সন্তান। বাবার ধর্মীয় ও সামাজিক গ্রহণযোগ্যতার কারণে তিনি ভোটের মাঠে একটি বাড়তি আবেগী সুবিধা পাচ্ছেন। বিশেষ করে ধর্মপ্রাণ ও মাদ্রাসাকেন্দ্রিক ভোটারদের মধ্যে। অনেক ভোটারই মনে করছেন, বাবার উত্তরাধিকার রাজুর জন্য একটি বড় রাজনৈতিক পুঁজি হিসেবে কাজ করছে। 

এ ছাড়া জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি রাজুর প্রচারণাকে দৃশ্যমানভাবে শক্তিশালী করেছে। সাংগঠনিকভাবে জামায়াতের মাঠপর্যায়ের কর্মীরা সিলেট-৩ আসনে বরাবরই সক্রিয়, যা রিকশা প্রতীকের প্রার্থীর জন্য একটি বড় সহায়ক শক্তি। ফলে ভোটের মাঠে ধানের শীষ বনাম রিকশার এই দ্বন্দ্ব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। 

তবে এই আসনে অন্য প্রার্থীদের উপস্থিতিও পুরোপুরি উপেক্ষা করার সুযোগ নেই। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল) ও মইনুল বকর (কম্পিউটার) নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও তাদের প্রচারণা দৃশ্যমান, তবুও ভোটের মূল স্রোত এখনো দুই প্রধান প্রার্থীর দিকেই কেন্দ্রীভ‚ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রার্থীরা কিছু ভোট কেটে নিতে পারেন, তবে ফলাফল নির্ধারণে তারা মূল নিয়ামক হবেন না। 

ভোটার পরিসংখ্যানের দিক থেকেও সিলেট-৩ একটি বড় ও গুরুত্বপূর্ণ আসন। এখানে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৭০৯ জন, নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। নারী ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় নারী ভোটারদের মনোযোগ কাড়তে প্রার্থীদের বাড়তি কৌশল নিতে হচ্ছে। 

সব মিলিয়ে সিলেট-৩ আসনের নির্বাচনী লড়াই এখন টানটান উত্তেজনাপূর্ণ। অভিজ্ঞতা ও সংগঠনের শক্তিতে ধানের শীষ এগিয়ে থাকলেও, ধর্মীয় আবেগ ও জোট রাজনীতির সমীকরণে রিকশা প্রতীকও শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। শেষ পর্যন্ত কোন পক্ষ ভোটারদের আস্থা অর্জনে সফল হয়, সেটিই নির্ধারণ করবে এই গুরুত্বপূর্ণ আসনের ভাগ্য। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি গাছ কা*টার অভি*যোগে ইউপি সদস্যের বি*রুদ্ধে অভি*যোগ
সংবাদ প্রকাশের পর বিছনাকান্দিতে ভিজিএফের চাল পেল অর্ধশত পরিবার
দ্রুতই রামিসা হ*ত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে
তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট