সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক যুক্তরাজ্য প্রবাসীর আগুনে পুড়ে যাওয়া মরদেহ পাওয়া গেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার কোনারবন্দ হাওরে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হাওরে কাজ করতে গিয়ে আগুনে পোড়া লাশ দেখে স্থানীয় লোকজন জকিগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে তাঁর স্বজনরা লাশ শনাক্ত করেন।
এর আগে, গত ৩০ জানুয়ারি সিলেট শহরের বাসা থেকে কুলাউড়ায় যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় পরদিন সিলেটের এয়ারপোর্ট থানায় তাঁর স্বজনরা সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন শফি (৪৯) গত ২৮ জানুয়ারি দেশে এসে সিলেট শহরের আম্বরখানা এলাকায় ৩৪/৪১ নম্বর বাসায় ওঠেন। সেখান থেকে ৩০ জানুয়ারি কুলাউড়ায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলযোগে এক যুবককে নিয়ে তিনি যাতায়াত করছেন।
রাতে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় আর কোনো খোঁজ পাওয়া না যাওয়ায় পরদিন স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতছরি বিলপাড় এলাকার মধ্যবর্তী কোনদারবন্দ হাওরে আগুনে পোড়ানো লাশ দেখে স্থানীয় লোকজন জকিগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুরহান উদ্দিন শফি যুক্তরাজ্য প্রবাসী। তাঁর বাড়ি জগন্নাথপুর উপজেলার হবিবপুর। তিনি যুক্তরাজ্য থেকে দেশে এসে সিলেট শহরে বসবাস করছিলেন।
তিনি বলেন, স্বজনরা লাশ শনাক্ত করেছেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
হবিবপুর গ্রামের বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন জানান, শফি এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। তাঁর এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা বিস্মিত। দ্রুত এ ঘটনার ক্লু উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
জৈন্তা বার্তা/আরআর




