ছবি:সংগৃহীত
সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী সিলেট জেলা ও মহানগরের ডিইএব নেতৃবৃন্দ চিকনাগুল, হরিপুর, সারিঘাট, জৈন্তাপুর, তামাবিল ও জাফলংসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, বিপণিবিতান ও জনসমাগমস্থলে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।
এ সময় ডিইএব নেতারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আরিফুল হক চৌধুরীর মতো যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থীর কোনো বিকল্প নেই।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ডিইএব-এর উপদেষ্টা প্রকৌশলী রুহুল আলম খান, উপদেষ্টা প্রকৌশলী নুরুল হুদা চৌধুরী, জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. ফরিদ মিয়া, মহানগর আহ্বায়ক প্রকৌশলী মেরাজুল ইসলাম, জেলা সদস্য সচিব প্রকৌশলী মো. আবু জহর গৌছ, মহানগর সদস্য সচিব প্রকৌশলী মিফতাউজ্জামান, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. জিয়াউর রহমান চৌধুরী, সদস্য প্রকৌশলী কামনাশীষ চক্রবর্তী, আশফাক আহমেদ, ডিইএব জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান সিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডিইএব নেতারা জানান, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়ে জনগণকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ করতে তারা বদ্ধপরিকর।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




