ছবি:সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি–জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত জৈন্তাপুর উপজেলায় এবার পরিবর্তনের সময় এসেছে। বিগত ১৭ বছরে এই অঞ্চলের মানুষ পরিকল্পিত উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত থেকেছে। উন্নয়নের নামে বড় বড় কথা বলা হলেও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় আয়োজিত দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, অবহেলিত জৈন্তাপুর উপজেলার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার চিত্র আজও হতাশাজনক। ১৭ বছর একটি দীর্ঘ সময় হলেও এই সময়ে জনস্বার্থকে উপেক্ষা করে একটি গোষ্ঠী শুধু রাজনৈতিক ফায়দা লুটে ব্যস্ত ছিল। সাধারণ মানুষের প্রকৃত ভাগ্য পরিবর্তনে তারা কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, “জৈন্তাপুরকে আর পিছিয়ে থাকতে দেওয়া যাবে না। এই জনপদের মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে গুম, হত্যা ও নির্যাতনকারী বাকশালী ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করতে আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছেন। বিগত ১৭ বছরে জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী দল ও দেশের জন্য আত্মত্যাগ করেছেন।”
আরিফুল হক চৌধুরী বলেন, ঐতিহাসিক জুলাই আন্দোলনে দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে, অনেকেই শহীদ হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। জুলাই শহীদদের সম্মান ও স্মরণেই এবারের নির্বাচন একটি ভোট উৎসবে রূপ নেবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের কেন্দ্রে আনতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পৃথক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক, সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর ও এবিএম জাকারিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিবসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




