ছবি:সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার পৌরসভার দক্ষিণ সুপাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সুড়িকান্দি (নিজ জঙ্গল) গ্রামের মৃত এনাম মিয়ার ছেলে রায়হান হোসেন (২৩) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার জইদের কান্দি গ্রামের মো. নবী হোসেনের ছেলে বিল্লাল মিয়া (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলীর সহযোগিতায় এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল দক্ষিণ সুপাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




