‘পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা’- মাওলানা আব্দুস সালাম আল মাদানী
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ AM

ছাতকে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ

‘পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা’- মাওলানা আব্দুস সালাম আল মাদানী

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৭:৫৯:০৩ PM

‘পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা’- মাওলানা আব্দুস সালাম আল মাদানী

ছবি:সংগৃহীত


ছাতক পৌর শহরের বেবিস্ট্যান্ড এলাকায় সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে যোগ দেন। মিছিলগুলো বেবিস্ট্যান্ড এলাকায় এসে মিলিত হলে পুরো এলাকা দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিপুল জনসমাগমে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন,
‘দেশের মানুষ অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে। উন্নয়নের নামে হয়েছে লুটপাট। এখন জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা।’

তিনি আরও বলেন, ‘ছাতক-দোয়ারাবাজার এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করব ইনশাআল্লাহ।’

নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ছাতক-দোয়ারাবাজারে পৃথক মহিলা কলেজ স্থাপন, জরাজীর্ণ ছাতক পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর, দক্ষিণ ছাতকে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষা বিস্তার এবং সর্বক্ষেত্রে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর ফখরুল ইসলাম বলেন,
“মাওলানা আব্দুস সালাম আল মাদানী একজন প্রখ্যাত শিক্ষাগুরু। মদীনা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেও তিনি দেশের কল্যাণে শিক্ষা ব্যবস্থায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এমন একজন আলেমে দ্বীন নির্বাচিত হলে এই অঞ্চলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।”

উপজেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আকবর আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি হাফিজ জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা সাদিক সালীম, সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ, সুনামগঞ্জ জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মো. শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, সেক্রেটারি মাওলানা আলমাছ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, সিলেট মহানগর জামায়াতের সুরা সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল নোমান, ছাতক উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন আহদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আফজাল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ছাতক পৌর আমীর প্রকৌশলী নোমান আহমদ।

সমাবেশে যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা খায়রুল ইসলাম রফিক, যুক্তরাজ্য প্রবাসী সুলতান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদিরের মোনাজাতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ: