নির্বাচন সামনে রেখে নির্বাচনে কঠোর অবস্থানে এসএমপি, নির্দেশনা মেনে চলার আহ্বান
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ AM

১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে গণবিজ্ঞপ্তি; কেন্দ্র এলাকায় অননুমোদিত অবস্থান ও যান চলাচল নিষিদ্ধ, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

নির্বাচন সামনে রেখে নির্বাচনে কঠোর অবস্থানে এসএমপি, নির্দেশনা মেনে চলার আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৭:৩৪:১০ PM

নির্বাচন সামনে রেখে নির্বাচনে কঠোর অবস্থানে এসএমপি, নির্দেশনা মেনে চলার আহ্বান

ছবি:সংগৃহীত


সিলেটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) জারি করা এ বিজ্ঞপ্তিতে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএমপি জানিয়েছে, নির্দিষ্ট ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি সংশ্লিষ্ট ভোটকেন্দ্র এলাকায় অবস্থান করতে পারবেন না। এক এলাকার ভোটার অন্য এলাকার ভোটকেন্দ্রে অবস্থান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ কঠোর নজরদারিতে থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, বাধা প্রদান বা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রের আশপাশে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অনুমোদনবিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নির্বাচনী আচরণবিধি মেনে সারিবদ্ধভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে এসএমপির জরুরি সেবা অ্যাপ ও হটলাইন নম্বর ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, বিপিএম।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ: