সংগৃহিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হঠাৎ বড় পরিবর্তনের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের শুরু হয়েছে ব। বিদ্যমান কমিটি ভেঙে দিয়ে গঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে এবার সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পর্যন্তও পরিস্থিতি এত দ্রুত বদলে যাবে, তা আঁচ করতে পারেননি সাবেক সভাপতি আমিনুল ইসলাম ও বোর্ডের অন্য কর্মকর্তারা। পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন শেষে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই কথা বলছিলেন তাঁরা। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদ হঠাৎ বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। এরপর একে একে বিসিবি কার্যালয় ছাড়েন বিদায়ী কর্মকর্তারা।
ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই মিরপুরে বোর্ড কার্যালয়ে পৌঁছান তামিম। সেখানে উপস্থিত সমর্থক ও গণমাধ্যমের ভিড় পেরিয়ে তিনি প্রথমবারের মতো সভাপতির চেয়ারে বসেন-যা তাঁর ক্যারিয়ারের একেবারেই নতুন অভিজ্ঞতা।
পরে ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এ তামিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। বোর্ডের মুখপাত্র করা হয়েছে তানজিল চৌধুরীকে।
দায়িত্ব নেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে তামিম পরিষ্কার করে দেন তাঁর অগ্রাধিকারবাংলাদেশ ক্রিকেটের হারানো সুনাম ফিরিয়ে আনা। গত দেড় বছরে যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পুনর্গঠনই হবে তাঁর দলের প্রধান লক্ষ্য।
তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া এই কমিটির সামনে আরেকটি বড় কাজ হলো নির্বাচন আয়োজন করা। তামিম জানিয়েছেন, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন তারা।
সব মিলিয়ে, প্রশাসনিক এই আকস্মিক পরিবর্তনের মধ্য দিয়ে এখন বাংলাদেশের ক্রিকেটে নতুন দিকনির্দেশনা ও আস্থার পরীক্ষা শুরু হলো।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




