খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৭ PM

সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ১০:২১:৩৩ PM

খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান

ছবি:সংগৃহীত


সিলেটে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দুপুরে ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

সংস্থার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ দেহ ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মানসিক প্রশান্তি এনে দেয়। পাশাপাশি খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। তাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সাফল্য নিশ্চিত করতে হলে খেলাধুলার মানোন্নয়নের পাশাপাশি এ খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক এবং সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ফলাফলে ফুটবলে মোঃ মহিবুর রহমান মুহিবের দল চ্যাম্পিয়ন এবং মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের দল রানার্সআপ হয়। বলবদল খেলায় বড়দের মধ্যে প্রথম হন দ্বীপক রঞ্জন রায় তালুকদার, দ্বিতীয় হুমায়ুন রশিদ চৌধুরী ও তৃতীয় মোহাম্মদ আব্দুস সালাম। ছোটদের বিভাগে প্রথম হন মোহাম্মদ মাহফুজুর রহমান, দ্বিতীয় মোঃ মাহবুব ইকবাল মুন্না এবং তৃতীয় মোহাম্মদ আব্দুস সালাম।

এছাড়া হাড়িভাঙ্গা খেলায় একমাত্র বিজয়ী হন মোঃ ফুজায়েল আহমদ। বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় ১৫ ফুট দূরত্বে বিজয়ী হন কবি মকসুদ আহমদ লাল এবং ১০ ফুট দূরত্বে মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সুধাংশু শেখর দাস ও অবিনাশ চন্দ্র দাস বিজয়ী হন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ