সংগৃহিত
- সিলেটে মাজার জিয়ারতে আসা এক প্রতিবন্ধী তরুণীকে (৩০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব-৯।
- আটকরা হলেন সিলেট নগরের বিমানবন্দর মাহালদি এলাকার আতিকুর রহমান (৪০), লোহারপাড়া এলাকার শামসুল হক (৪৫) এবং আশিকুর রহমান (৩০)। মঙ্গলবার (১২ মে) দুপুর ও বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
- র্যাব সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওই তরুণী হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে ওরসে অংশ নিতে ও জিয়ারত করতে সিলেটে আসেন। সোমবার রাতে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার এলাকায় অবস্থান করছিলেন। পরে সিলেট রেলস্টেশনে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
- অভিযোগ রয়েছে, অটোরিকশাচালক আতিকুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে নগরের লোহারপাড়া এলাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিচিত আরেক অটোরিকশাচালক আশিকুর রহমানের সহায়তায় শামসুল হকের ভাড়া বাসায় নিয়ে গিয়ে তিনজন মিলে তাকে ধর্ষণ করেন।
- মঙ্গলবার সকালে ভুক্তভোগী বিষয়টি প্রতিবেশীদের জানালে স্থানীয়রা র্যাবকে খবর দেন। পরে র্যাব-৯ অভিযান চালিয়ে প্রথমে আতিকুর রহমান ও শামসুল হককে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে আশিকুর রহমানকে আটক করা হয়।
- ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
- র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




