২০২৪ সালের ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
তদন্ত কমিটিতে স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর মো. আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরাণ হলের প্রভোস্ট প্রফেসর ড. ইফতেখার আহমদ এবং ফাতেমা তুজ জোহরা হলের প্রভোস্ট প্রফেসর ড. ইসমত আরা।
এর আগে গত ৭ মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখার পক্ষ থেকে উপাচার্য বরাবর একটি আবেদন জমা দেওয়া হয়। সেখানে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ২৬ আগস্ট কোনো উসকানি ছাড়াই অযৌক্তিকভাবে কতিপয় দুষ্কৃতকারী শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার কিছু সহযোগী মিলে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক হলত্যাগে বাধ্য করেছিল। ছাত্রদলের পক্ষ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের শনাক্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছিল।
জৈন্তা বার্তা/আরআর




