ছবি:সংগৃহীত
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরের সিলেট সফর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে ২০২৬) সন্ধ্যায় সিলেট নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও শিক্ষক আন্দোলনের নানা দিক তুলে ধরেন।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নাজেহাল করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর তহবিলের প্রাপ্য অর্থ অবসরের ছয় মাসের মধ্যে প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচি বাস্তবায়নে অধ্যক্ষ প্রাণকান্ত দাস ও অধ্যাপক সাব্বির আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বাকবিশিসের সিলেট জেলা ও মহানগর শাখার সম্মেলন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আগামী ৮ মে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কমিটির সভায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাকবিশিস সিলেট জেলা, মহানগর ও বিভাগীয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, জেলা সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাতারা খান পান্না, বিভাগীয় সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাস, সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিন আহমেদ উল্লেখযোগ্য।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




