ছবি:সংগৃহীত
উত্তর-পূর্বাঞ্চলে টানা মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগজুড়ে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী তিন দিন সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারসহ হাওরাঞ্চলের বিভিন্ন জেলায় পানি বাড়তে পারে, যা নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
শনিবার (২ মে) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উজান এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত এবং দেশের অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হয়েছে। একই প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলো।
পূর্বাভাস অনুযায়ী, সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়তে পারে। তৃতীয় দিনের মধ্যে কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি প্রাক-মৌসুমী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি বেড়ে গেছে।
অন্যদিকে নেত্রকোনার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি আপাতত স্থিতিশীল থাকলেও হাওর এলাকার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ধনু-বাউলাই নদীর পানি বাড়তে পারে এবং খালিয়াজুড়ি পয়েন্টে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে, যা নতুন করে প্লাবনের ঝুঁকি তৈরি করছে।
এ ছাড়া হবিগঞ্জের খোয়াই ও সুতাং এবং মৌলভীবাজারের মনু ও জুড়ি নদীর পানিও বাড়তে পারে। বিশেষ করে খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে এবং মনু নদী সতর্কসীমা অতিক্রমের কাছাকাছি পৌঁছাতে পারে।
পাউবো সতর্ক করে জানিয়েছে, এ পরিস্থিতিতে মৌলভীবাজারের হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে এবং হবিগঞ্জের বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
সার্বিকভাবে, টানা বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে সিলেট বিভাগজুড়ে বন্যার পদধ্বনি স্পষ্ট হয়ে উঠছে, যা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




